
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের রহমতপুর এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটি ধসে সেলিম উদ্দিন (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পাহাড়ের পাদদেশ কাটার সময় ওপর থেকে মাটির একটি বড় অংশ ধসে পড়লে তিন শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সেলিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের দাবি, রহমতপুর এলাকার নিজাম উদ্দিন নামে এক ব্যক্তি বসতি বা বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য শ্রমিক দিয়ে পাহাড় কাটাচ্ছিলেন। এ কাজে কোনো পরিবেশগত ছাড়পত্র ছিল না বলেও অভিযোগ রয়েছে।
ঘটনার খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, প্রাথমিক অনুসন্ধানে অবৈধভাবে পাহাড় কাটার বিষয়টি পাওয়া গেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ঘটনার পর পরিবেশ ও মানবাধিকারকর্মীরা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।